আরেকজন গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় শহীদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি রিয়াজুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন ওরফে চঞ্চলের ঘনিষ্ঠজন। গতকাল বুধবার তাঁকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।র‌্যাব সূত্র জানায়, রাজধানীর কমলাপুর থেকে গত মঙ্গলবার বিকেলে র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-১-এর একটি দল যৌথ অভিযান চালিয়ে শহীদুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে র‌্যাব-১-এর কার্যালয়ে নেওয়া হয়। এ নিয়ে এই মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হলো। রিয়াজুল হত্যা মামলা তদন্ত করছে র‌্যাব-১।র‌্যাব-১-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্য ও তদন্তে হত্যার সঙ্গে শহীদুলের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহারভুক্ত চার আসামিসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের আগের দিন ৮ আগস্ট নিকেতন থেকে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি শরীফ চৌধুরী ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। তিনি রিয়াজুল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি যুবলীগের নেতা সাখাওয়াতের ভগ্নিপতি। তিনি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। লে. কর্নেল কিসমত হায়াত বলেন, রিয়াজুল হত্যাকাণ্ডে অংশ নেওয়া প্রায় সবাই শনাক্ত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না।গত ২৯ জুলাই রাতে গুলশানে ‘শপার্স ওয়ার্ল্ডের’ সামনে রিয়াজুলকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় প্রধান আসামি ও যুবলীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহিদ সিদ্দিকী তারেক পরদিন সকালে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন। তাঁকে উত্তরার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তারেক ও শাহ আলম নামের একজন র‌্যাবের সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হন।