আরেকজন গ্রেপ্তার হারুনসহ সাতজনকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার নগরের সিটি গেট এলাকা থেকে সাখাওয়াত হোসেন ওরফে সাহাবুদ্দিন নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর গায়ে বোমার আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালক মুফতি ইজাহারুল ইসলামকে এখনো খুঁজে পায়নি পুলিশ।
হাটহাজারী থানার ওসি এ কে এম লিয়াকত আলী বলেন, সাখাওয়াত হাটহাজারী থেকে একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন। পুলিশ নগরের সিটি গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এদিকে বিস্ফোরক ও অ্যাসিড মামলায় মুফতি ইজাহারের ছেলে হারুন ইজাহারসহ সাতজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ১০ সদস্যের পুলিশের দল। সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) শাহ মো. আবদুর রউফ বলেন, ‘জিজ্ঞাসাবাদ চলছে। শেষ হওয়ার পর পাওয়া তথ্য জানানো হবে।’
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই লোকমান হোসেন বলেন, আসামিদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, নির্দেশদাতা, প্রধানমন্ত্রীর সফর, হেফাজত ও জামায়াতে ইসলামীর কেউ আছে কি না, বোমা তৈরির উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হচ্ছে।
৭ অক্টোবর লালখান বাজার এলাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে খুলশী থানায় পুলিশ তিনটি মামলা করে। ওই ঘটনায় হারুন ইজাহারসহ এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হেফাজতের সংবাদ সম্মেলন: লালখান বাজার এলাকার মাদ্রাসাসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র, মিথ্যা প্রচারণা, তল্লাশির নামে ছাত্র-শিক্ষকদের হয়রানি ও পড়ালেখার পরিবেশ ধ্বংসের প্রতিবাদে গতকাল হাটহাজারীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। এতে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস শামসুল আলম, চট্টগ্রাম মহানগর সভাপতি তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।