আরেকজন গ্রেপ্তারের পর রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে গত রোববার রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম এ আর মন্টু। তিনি অভিনয় ও ঝুট ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বাড়ি আশুলিয়ার গাজিরচট এলাকায়। গতকাল সোমবার পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশ সূত্র জানায়, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের একটি দল রাজধানীর উত্তরা থেকে এ আর মন্টুকে গ্রেপ্তার করে। আশুলিয়ার শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে গত ২২ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়। এতে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সাভারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও আশুলিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মিনি আক্তার, এ আর মন্টুসহ অর্ধশত বিএনপি-সমর্থিত রাজনীতিক, ব্যবসায়ী ও শ্রমিকনেতাকে আসামি করা হয়। গতকাল পর্যন্ত ১৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার এএসপি মাহবুবুর রহমান বলেন, এ আর মন্টুর বিরুদ্ধে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।