বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অবৈধভাবে অর্থ পাচারের মামলায় আরও একজনের সাক্ষ্য গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হোসেন এ সাক্ষ্য গ্রহণ করেন।গতকাল সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার সাবেক কর্মকর্তা বিভূতিভূষণের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এ নিয়ে এ মামলায় ১০ জন সাক্ষ্য দিলেন। গতকাল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আইনজীবী ফখরুল ইসলাম সাক্ষীকে জেরা করেন।২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানির মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়। মামুন ওই অর্থ সিঙ্গাপুরের একটি ব্যাংকে তাঁর হিসাবে জমা করেন। ওই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।