আরেকজনের সাক্ষ্য-জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাসকে পিটিয়ে হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার আরেকজনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। তিনি হলেন পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বিশ্বজিতের বড় ভাইয়ের দোকানের কর্মচারী আবদুল জব্বার। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ দেওয়া সাক্ষ্যে আবদুল জব্বার বলেন, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের ঢাকা অবরোধ কর্মসূচির দিন সকালে তিনি পুরান ঢাকার দোকানে ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি লোক মারফত জানতে পারেন যে ভিক্টোরিয়া পার্কের কাছে একদল লোক বিশ্বজিৎকে মারধর করছে। দ্রুত ঘটনাস্থলে এসে তিনি জানতে পারেন যে একজন রিকশাচালক বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে গেছে। এই সাক্ষী বলেন, পরে তিনি টেলিভিশনে বিশ্বজিৎকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে-পিটিয়ে জখম করার দৃশ্য দেখেন। হামলাকারীদের মধ্যে একজনকে আবদুল জব্বার চিনতে পারেন। তিনি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী শাকিল। গতকাল আদালতে আসামি শাকিলকে শনাক্ত করেন এই সাক্ষী। সাক্ষ্য শেষে জব্বারকে আসামি শাকিলের আইনজীবী জেরা করেন। এরপর বিচারক এ বি এম নিজামুল হক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩১ জুলাই দিন ধার্য করেন।
এই মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত চারজনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৫ মার্চ বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগের ২১ জন কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের মধ্যে আটজন কারাগারে আছেন।