
ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, সরকার ৫ জানুয়ারির মতো আরেকটা বিতর্কিত নির্বাচন করতে চায়। তাঁর দাবি, ভোটাররা ভোটকেন্দ্রে যেন না যেতে পারে এ জন্য সরকার ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আতঙ্ক তৈরি করছে। রাজধানীর ওয়ারী, খিলগাঁও, মতিঝিল, সেগুনবাগিচা, শাহবাগ, কোতোয়ালি, কদমতলী ও সূত্রাপুর এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণসহ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে তিনি এসব কথা বলেন। মামলার কারণে মির্জা আব্বাস তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। তাঁর স্ত্রী আফরোজা আব্বাসকে ঘিরেই চলছে তাঁর নির্বাচনের সব কর্মকাণ্ড।
লিখিত বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, ওয়ারী থানার বিসিসি রোডের ৩৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় ডিসি ও ওসির উপস্থিতিতে ‘মগ’ মার্কার পোস্টার ও লিফলেট ছিঁড়ে ফেলা হয়। তাঁরা মগ মার্কার কোনো পোস্টার ও লিফলেট বিতরণ করা যাবে না বলে হুমকি দেয়। কাপ্তানবাজারে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়ালঘাটে ছাত্রলীগ-যুবলীগ বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে।
আফরোজা আব্বাস বলেন, খিলগাঁও থানার ২ নম্বর ওয়ার্ডের জনসংযোগ চালানোর সময় ওই ওয়ার্ডের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদাকে (আরজু) গুলি করায় তিনি এখন হাসপাতালে। মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেনের নির্বাচনী কার্যালয় দখল করে সেখানে সাঈদ খোকনের মাছ মার্কার পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মগ প্রতীকের কর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ। বিজয়নগরের হাবিব কমিউনিটি সেন্টারের সামনে ছাত্রলীগ-যুবলীগ মগ প্রতীকের কর্মীদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় ১২ জন আহত হয়েছেন। কদমতলী থানার ৫৩ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত প্রার্থী মীর হোসেনের ওপর হামলা চালিয়ে তাঁর ছেলেসহ ১০ জনকে আহত করা হয়েছে। সূত্রাপুর থানার ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুল বারেককে গ্রেপ্তার করা হয়েছে।
এ অবস্থায় নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘আমাদের অভিযোগগুলো প্রতিদিনই নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাচ্ছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারণ তারা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন।’
পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে: এর আগে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় গণসংযোগ চালানোর সময় আফরোজা আব্বাস বলেন, ‘সরকার-সমর্থিত মেয়র প্রার্থী (সাঈদ খোকন) ঢাকা উত্তরে বসবাস করেন। তাঁকে পেতে হলে উত্তরে যেতে হবে। আর মির্জা আব্বাসকে নির্বাচিত করলে সব সময় জনগণের কাছাকাছি পাওয়া যাবে।’ পরে যাত্রাবাড়ী, ধোলাইখাল, শ্যামপুরে পাইপ গলির বিভিন্ন এলাকায় স্বামীর পক্ষে জনসংযোগ চালান।
আব্বাসের পক্ষে নামলেন এমাজউদ্দীনও: ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় ভোট চেয়ে গণসংযোগ চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে দায়দায়িত্ব নিয়ে কাজ না করার জন্য সরকার ও সরকারের ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ নির্বাচন কমিশন দায়ী থাকবে।