
যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মগবাজার-মৌচাক উড়ালসড়কের আরেকটি অংশ। এতে করে কেবলমাত্র বাংলামোটর ও নিউ ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস (রাশমনো হাসপাতাল) পর্যন্ত যাওয়া যাবে। এটি একমুখী সড়ক। উড়ালসড়কের অন্য অংশ চালু না হওয়ায় ওয়্যারলেস মোড় থেকে বাংলামোটরে ফিরে আসা যাবে না।
গতকাল বৃহস্পতিবার নিউ ইস্কাটনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উড়ালসড়কের ওই অংশটির উদ্বোধন করেন। এর আগে গত ৩০ মার্চ সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উড়ালসড়কটির মোট দৈর্ঘ্য আট কিলোমিটার। তিনটি অংশের একটি হচ্ছে নিউ ইস্কাটন থেকে মগবাজার হয়ে মৌচাক পর্যন্ত। এই অংশের দৈর্ঘ্য ২ দশমিক ২০৮ কিলোমিটার। কিন্তু গতকাল যে অংশটি উদ্বোধন করা হয়েছে তা মোট দৈর্ঘ্যের অর্ধেকেরও কম। মৌচাকের দিক থেকে আসা উড়ালসড়কের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। উড়ালসড়কের আরেকটি অংশ মালিবাগ চৌধুরীপাড়া থেকে মৌচাক পর্যন্ত। এর বাইরে রয়েছে শান্তিনগর ও রাজারবাগ পর্যন্ত লুপ বা র্যা ম্প। গত মার্চে উড়ালসড়কের যে অংশটি উদ্বোধন করা হয়েছে, তারও এফডিসি প্রান্তের র্যা ম্পের কাজ বাকি রয়েছে।
গতকাল ইস্কাটন-মগবাজার ওয়্যারলেস অংশের উদ্বোধনের পর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই ফ্লাইওভার উদ্বোধন করে দিয়েছেন। আমরা এর সাইডগুলো উদ্বোধন করছি। আমি যে অংশটার উদ্বোধন করলাম, সেটার দৈর্ঘ্য এক কিলোমিটার।’ অন্য অংশটি আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘আশা করি ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেলে তা যানজট নিরসনে ভূমিকা রাখবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী উপস্থিত ছিলেন।
আট কিলোমিটার দীর্ঘ মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণকাজের জন্য দীর্ঘদিন ধরে ওই সড়কে তীব্র যানজট ও রাস্তা জল-কাদায় মাখামাখি হয়ে থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। গতকাল বৃহস্পতিবার উড়ালসড়কের উদ্বোধনের পর এর ওপর দিয়ে যাচ্ছিলেন প্রাইভেট কার-আরোহী আহসান উদ্দিন। তিনি বলেন, ‘উড়ালসড়কের কাজ শেষ হলে মানুষের ভোগান্তি কমবে। কিন্তু শহরের প্রধান সমস্যা যানজটের চেয়ে ভাঙাচোরা রাস্তা।’
মগবাজার ওয়্যারলেস অংশে কথা হয় রিকশাচালক শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ওপর দিয়ে যাইব ওপরতলার মানুষ। আমাগো নিচের তলার মানুষের জন্য রাস্তাডা সরকারকে একটু মেরামত করতে কন।’
এলজিইডির তত্ত্বাবধানে ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি শুরু হয় এই উড়ালসড়কের নির্মাণকাজ। দুই বছরে, অর্থাৎ ২০১৫ সালের মধ্যে শেষ করার কথা ছিল। ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো ও বিভিন্ন সেবা সংস্থার ভূ-গর্ভস্থ কেব্লের কারণে এবং ঠিকাদার ও তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠানের কিছু ব্যর্থতার কারণে তিন দফায় সময় বাড়ানো হয়। এখন ২০১৭ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দেওয়া হচ্ছে। মেয়াদ বাড়ার সমান্তরালে প্রকল্পের ব্যয়ও প্রায় ৫৮ শতাংশ বাড়িয়ে ১ হাজার ২১৯ কোটি টাকায় উন্নীত করেছে সরকার। ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স নাভানা জেভি’ এবং চীনা প্রতিষ্ঠান এমসিসিসি ও তমা কনস্ট্রাকশন লিমিটেড উড়ালসড়কটির নির্মাণকাজ করছে।