আরেকটি অভিযোগপত্রে নারাজি দিতে বাদীর সময়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া আরেকটি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিতে সময়ের আবেদন করেছেন বাদী।
গতকাল সোমবার বিচারিক হাকিম কুদরত এলাহীর আদালতে এ আবেদন করেন ফারুক হত্যা মামলার বাদী জিয়াউল হক। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।
গত বছরের ১১ এপ্রিল ভূজপুরে তাণ্ডবের সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে। এ ছাড়া, তাঁদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।আহত হয় দলের শতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষে পাঁচটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি দেখানো হয়।
গত ১১ জুন ভূজপুর থানার পুলিশ তিনটি হত্যা মামলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দাখিল করে আদালতে। এর মধ্যে রুবেল হত্যা মামলায় তাঁর মামা জামাল পাশা শওকত নারাজি আবেদন করেন গত ২১ জুলাই আদালতে। সর্বশেষ গতকাল ফারুক হত্যা মামলায় নারাজি আবেদন দিতে সময়ের আবেদন করা হয়।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, ভূজপুর থানার ফারুক হত্যা মামলায় নারাজি আবেদন করতে সময়ের আবেদন করেছেন বাদী।আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে—মসজিদের মাইকে এ গুজব ছড়িয়ে দিয়ে আসামিরা এ তাণ্ডব চালায় বলে পুলিশি তদন্তে উঠে আসে। ঘটনার পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে ভূজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও জাহিদুল ইসলাম মেম্বারসহ ২০ জনকে।২০ জনসহ মোহাম্মদ রুবেল হত্যা মামলায় ১৯২ জনকে আসামি করে পুলিশ।