আরেকটি অভিযোগপত্রে বাদীর নারাজি আবেদন, শুনানি ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া আরেকটি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেছেন বাদী।
গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিম কুদরত এলাহীর আদালতে এ আবেদন করেন ফারুক হত্যা মামলার বাদী জিয়াউল হক। আদালত আগামী ২০ অক্টোবর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।
গত বছরের ১১ এপ্রিল ভূজপুরে তাণ্ডবের সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে। এ ছাড়া তাঁদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয়। আহত হন দলের প্রায় শতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষে পাঁচটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি দেখানো হয়।
গত ১১ জুন ভূজপুর থানা পুলিশ তিনটি হত্যা মামলায় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দাখিল করে আদালতে। এর মধ্যে রুবেল হত্যা মামলায় তাঁর মামা জামাল পাশা শওকত নারাজি আবেদন করেন গত ২১ জুলাই আদালতে। সর্বশেষ গতকাল ফারুক হত্যা মামলায় নারাজি আবেদন করা হয়।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং জানান, ভূজপুর থানার ফারুক হত্যা মামলায় নারাজি আবেদন করেছেন বাদী। আদালত তা শুনানির দিন ধার্য করেছেন।