কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ নামে আরেকটি আন্তনগর ট্রেন চালু হতে যাচ্ছে। ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে। কিশোরগঞ্জ পৌঁছাবে বেলা তিনটা ১০ মিনিটে।
কিশোরগঞ্জ থেকে বেলা তিনটা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত আটটা ৪০ মিনিটে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়ন্ত মজুমদার জানান, ১৮ নভেম্বর ঢাকা-কিশোরগঞ্জ রেলপথে ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলাচল করবে। ২০ নভেম্বর থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল করবে।
কিশারগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক পরিচালক বাদল রহমান জানান, গত নির্বাচনে এলাকাবাসীর দাবির মুখে স্থানীয় সাংসদ ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এগারসিন্দুর পাশাপাশি আরেকটি আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। অবশেষে জেলাবাসীর দাবি পূরণ হতে যাচ্ছে।