আরেকটি ঘাট সচল, বড় ফেরি ও লঞ্চ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছোট-বড় ১৬টি গাড়ি নিয়ে একটি রো রো (বড়) ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ঘাটটির সংস্কারকাজ শেষ না হওয়ায় ফেরি ঘাট ছেড়ে যাওয়ার পরপরই কাজে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকেরা l ছবি: এম রাশেদুল হক।
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছোট-বড় ১৬টি গাড়ি নিয়ে একটি রো রো (বড়) ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ঘাটটির সংস্কারকাজ শেষ না হওয়ায় ফেরি ঘাট ছেড়ে যাওয়ার পরপরই কাজে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকেরা l ছবি: এম রাশেদুল হক।

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাট পুরোপুরি সচল হয়েছে। এদিকে ৩৬ ঘণ্টা পর গতকাল সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে ৩ নম্বর ঘাটে সংস্কারকাজ শুরু হয়। গতকাল বেলা একটার দিকে প্রাথমিকভাবে ঘাটটি চালু করা হয়। এরপর সোয়া তিনটার দিকে ‘কেরামত আলী’ নামের একটি বড় ফেরি পাঁচটি বাস, ছয়টি পণ্যবাহী ট্রাক ও পাঁচটি ছোট গাড়ি নিয়ে এ ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পাশাপাশি ৪ নম্বর ঘাটটি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সচল রয়েছে। ফলে ঘাট কর্তৃপক্ষ ও আটকে পড়া গাড়িচালকেরা কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন।
নদীভাঙনের কারণে গত ৩১ জুলাই দৌলতদিয়ার ২ নম্বর এবং ২৭ জুলাই ৪ নম্বর ঘাট বন্ধ হয়ে যায়। ৬ আগস্ট ১ নম্বর ঘাটও বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই দিন সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রীবাহী বাসসহ সব ধরনের বড় গাড়ি পারাপার বন্ধ হয়ে যায়। কেবল ৩ নম্বর ঘাটের একটি র্যা ম্প দিয়ে ছোট গাড়ি, অ্যাম্বুলেন্স ও যাত্রী পারাপার চলছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২ নম্বর ঘাট চালু হলেও স্রোতের কারণে গতকাল মাত্র দুটি বড় ফেরি ভিড়তে পেরেছে। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে এখন গাড়ি পারাপার করা যাচ্ছে।
আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, নদী শান্ত হয়ে আসায় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে এ নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।