আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশের উত্তর ও ওডিশার দক্ষিণ উপকূলের অদূরে একটি সুস্পষ্ট লঘুচাপ ক্রমে ঘনীভূত হয়ে গতকাল রোববার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। ফলে আজ সোমবার বিকেল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলেছে, ঘূর্ণিঝড় সৃষ্টির এই প্রক্রিয়ায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলেছে, মৌসুমি বায়ু ইতিমধ্যে বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, ফেনী, সিলেট, রাজশাহী, পাবনা, সৈয়দপুর, কৃষ্টিয়া ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছিল, তা আজ প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।