আরেকটি জাহাজ রপ্তানি করছে ওয়েস্টার্ন মেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে আরও একটি জাহাজ রপ্তানি হচ্ছে। ‘এমভি মাটালিকি’ নামের জাহাজটির ক্রেতা নিউজিল্যান্ডের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। 
গতকাল বৃহস্পতিবার পটিয়ার কোলগাঁওয়ে অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজটির উদ্বোধন করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জাহাজ নির্মাণশিল্প বাংলাদেশের ভাবমূর্তি আরও বাড়াবে। ওয়েস্টার্ন মেরিন জাহাজ রপ্তানি করে এই ভাবমূর্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জানানো হয়, এমভি মাটালিকির যাত্রী ধারণক্ষমতা ৬০ জন এবং পণ্য পরিবহনক্ষমতা ৫০ টন। এই জাহাজে সাগরে সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে। জাহাজটি লম্বায় ৪৩ মিটার।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি জাহাজটির নির্মাণকাজ শুরু হয়। আগামী এক মাসের মধ্যে জাহাজটি আমদানিকারকের কাছে হস্তান্তর করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। জাহাজটির রপ্তানিমূল্য প্রায় ৫৩ কোটি টাকা।
ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তারা জানান, এর আগে তাঁদের প্রতিষ্ঠান জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড ও পাকিস্তানের জন্য জাহাজ তৈরি করেছে।