আরেকটি টার্মিনালের দরপত্র নিয়ে জটিলতার পথে চট্টগ্রাম বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগ নিয়ে সম্প্রতি চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতি উত্তপ্ত হয়েছিল। সেই রেশ না কাটতেই বন্দরের আরেকটি টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্র নিয়ে আবারও জটিলতা তৈরির পথেই এখন হাঁটছে বন্দর কর্তৃপক্ষ। কারণ, দরপত্রের কঠোর শর্তের কারণে বিদ্যমান কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনাকারী ছয়জন বার্থ অপারেটর এই দরপত্রে অংশ নিতে পারবে না।বন্দর সূত্র জানায়, আগামী ১৪ নভেম্বর এই টার্মিনালে তিন বছরের জন্য অপারেটর নিয়োগের দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে দরপত্র নিয়ে কাল বৃহস্পতিবার বন্দরে প্রিবিড সভা অনুষ্ঠিত হওয়ার কথা। নিয়োগ পাওয়া অপারেটর কার্যত কোনো বিনিয়োগ ছাড়াই টার্মিনালটি পরিচালনার সুযোগ পাবে।প্রসঙ্গত, বর্তমানে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনাকারী সাতজন অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা আছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের। এ প্রতিষ্ঠানটির টার্নওভারও বেশি। নতুন আহ্বান করা দরপত্র দলিলের শর্ত পূরণ করে দরপত্রে অংশ নেওয়ার যোগ্যতা আছে শুধু এই প্রতিষ্ঠানের।জানতে চাইলে বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, এই টার্মিনালের নতুন দরপত্রে বিদ্যমান ছয়টি বার্থ অপারেটরের কেউ অংশ নিতে পারবে না। শুধু একটি প্রতিষ্ঠানই অংশ নেওয়ার সুযোগ পাবে।২০০৯ সালে সাইফ পাওয়ারটেক লিমিটেড ১৩ কোটি ৯৫ লাখ টাকা দর দিয়ে এই টার্মিনাল পরিচালনার কাজ পায়। অর্থাৎ, প্রায় ১৪ কোটি টাকার চলমান একটি টার্মিনাল পরিচালনার নতুন দরপত্রে টার্নওভার চাওয়া হয়েছে বছরে ৫০ কোটি করে তিন বছরে ১৫০ কোটি টাকা। অথচ ২০০৯ সালে টার্নওভার চাওয়া হয়েছিল বছরে আট কোটি টাকা। একইভাবে এবারের দরপত্রে বছরে ৩০ কোটি টাকা করে তিন বছরে প্রকৃত সম্পদ চাওয়া হয়েছে ৯০ কোটি টাকা।দেশীয় কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডই আইএসও সনদধারী কোম্পানি। অন্য কারও এই সনদ নেই। তাই দরপত্রে অংশগ্রহণকারী কোম্পানির আইএসও সনদ থাকতে হবে বলে এই শর্তটিও জুড়ে দেওয়া হয়েছে। এ রকম অনেক শর্ত আছে যেগুলো বিদ্যমান অপারেটররা পূরণ করতে পারবে না। এর আগে স্থানীয় দরপত্র ডাকা হলেও এবার টার্মিনালটিতে অপারেটর নিয়োগের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।এসব বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন না ধরায় তাঁর মতামত জানা সম্ভব হয়নি।