
চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে জব্দ করা সূর্যমুখী তেলের আরেকটি ড্রাম থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম নিপু শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, সংগ্রহ করা নমুনা আদালতে উপস্থাপন করে পরীক্ষাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর আদেশ দেন।
তেলের সঙ্গে কোকেন
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, জব্দ করা ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের তেলের নমুনা পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে একটি ড্রাম ছাড়াও ৫৯ নম্বর ড্রামটিতে কোকেন থাকতে পারে বলে তাঁরা মতামত দিয়েছিলেন। এ জন্য ড্রাম থেকে নমুনা সংগ্রহ করার জন্য গত ৩০ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালত চারটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ড্রাম থেকে আলামত সংগ্রহের আদেশ দিয়েছেন। আদালতের আদেশ মতো গত শনিবার ৫৯ নম্বর ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। রোববার তা আদালতে উপস্থাপন করা হয়।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে তেলের চালানের একটি নমুনায় কোকেন শনাক্ত হয়।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।