চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে জব্দ করা সূর্যমুখী তেলের আরেকটি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকতার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বন্দর নিরাপত্তা বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন করে প্রতিনিধির (প্রথম শ্রেণির কর্মকর্তা) উপস্থিতিতে ৫৯ নম্বর ড্রাম থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তা (নমুনা) আদালতে উপস্থাপন করার জন্য বলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, জব্দ করা ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনা পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে একটি ড্রাম ছাড়াও ৫৯ নম্বর ড্রামটিতে কোকেন থাকতে পারে বলে তাঁরা মতামত দিয়েছিলেন। এ জন্য ড্রাম থেকে নমুনা সংগ্রহ করার জন্য আদালতে আবেদন করা হয়। আদালত চারটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ড্রাম থেকে আলামত সংগ্রহের আদেশ দিয়েছেন। কয়েক দিনের মধ্যে আলামত সংগ্রহ করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।
পুলিশের তথ্যের ভিত্তিতে গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় মাদক আইনে বন্দর থানায় মামলা করে পুলিশ। ৭ জুলাই চারটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ড্রামগুলো থেকে আলামত সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাসায়নিক পরীক্ষাগারে একটি ড্রামের নমুনা পরীক্ষায় কোকেনের আলামত পাওয়া যায়।
বর্তমানে এ মামলায় ছয় আসামি গ্রেপ্তার আছেন। তাঁদের মধ্যে দুই আসামি চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফা ও সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।