সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিযুক্ত অভিহিত করে বলেছেন, ‘আরেকটি নির্বাচন চাই৷ না হয় জনগণ এবং ইতিহাস আমাদের ক্ষমা করবে না৷’
কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা-সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা প্রশ্নে রুলের শুনানিতে গতকাল বুধবার অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে দ্বিতীয় দিনের শুনানিতে ড. কামাল এসব কথা বলেন৷
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন৷
শুনানিতে ড. কামাল হোসেন বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে৷ দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে৷ আর প্রত্যেক ভোটারেরই ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকতে হবে৷ যে নির্বাচনে ৮০ শতাংশ ভোটার অংশ নেন না, সে নির্বাচনকে নির্বাচন বলা যায় না৷ সংবিধান কখনো গুরুত্বহীন দলিল নয়৷ দেশে এখন প্রতিনিধিত্বশীল গণতন্ত্র নেই৷ নির্বাচন রাজনৈতিক দলগুলোর ব্যক্তিগত সম্পত্তি নয়৷ তিনি বলেন, ‘আমরা আমাদের ভোটের অধিকার ছেড়ে দিতে রাজি নই৷ একটি সম্পাদকীয় নিবন্ধে নির্বাচন কমিশনকে বিবেকহীন অনুপ্রবেশকারী বলা হয়েছে৷ কিন্তু নির্বাচন কমিশনের বিবেকহীন অনুপ্রবেশকারী হওয়ার সুযোগ নেই৷ নির্বাচন হয়ে গেছে বলে পাঁচ বছর বসে থাকার সুযোগ নেই৷ এ মামলায় যদি এর সমাধান না হয়, তাহলে নির্বাচন কমিশনের এখনো সুযোগ রয়েছে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়ার৷
পরে অপর অ্যামিকাস কিউরি হিসেবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার শুনানিতে অংশ নিয়ে বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন কোনো নির্বাচন নয়৷ শুধু ভোট হলেই হবে না, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ হতে হবে৷ আমাদের সংবিধানে সরাসরি ভোটের কথা বলা হয়েছে৷ কিন্তু বিগত নির্বাচনে ১৫৪টি আসনের ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ পাননি৷’
গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম একটি রিট করেন৷ প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ রুল দেন৷ ১২ মার্চ আদালত রুল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে সাতজনের নাম ঘোষণা করেন৷