আরেকটি ন্যায়বিচার: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আরেকটি কলঙ্কমোচনের পথে এগিয়ে গেল। আজ বৃহস্পতিবার কামারুজ্জামানের দণ্ডাদেশের পর ক্ষমতাসীন ১৪ দল এ প্রতিক্রিয়া জানায়।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

দলের পক্ষ থেকে বলা হয়, যাঁরা একাত্তরে শহীদ হয়েছেন, তাঁদের সন্তান ও স্বজনেরা এ রায়ের মাধ্যমে আরেকটি ন্যায়বিচার পেলেন। 

মোহাম্মদ নাসিম বলেন, সমগ্র জাতি ও দেশবাসী এই রায়ের জন্য অপেক্ষা করছিল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের পর প্রত্যাশিত রায় হয়েছে। তিনি সাক্ষী, প্রসিকিউশন ও বিচার-প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

ষড়যন্ত্র ও নৈরাজ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র থেমে নেই। এদের চক্রান্ত আমরা বার বার রুখে দিয়েছি। এবারও যদি চক্রান্ত হয়, নৈরাজ্য সৃষ্টি করে, তবে তা অতীতের মতো রুখে দিতে হবে এবং সতর্ক থাকতে হবে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলো ডটকমকে বলেন, ‘কামারুজ্জামান ছিল আলবদরের নেতা। তার সর্বোচ্চ রায়ে সমগ্র জাতির মতো আমরাও খুশি হয়েছি। তবে জামায়াত-শিবির যেন কোনো সহিংসতা না করতে পারে, এজন্য দেশবাসী ও সরকারকে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের আনন্দমিছিল

যুদ্ধাপরাধীদের অভিযোগে অভিযুক্ত জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দমিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দমিছিল করেন নেতা-কর্মীরা।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দমিছিল করে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বাস্তুহারা লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এ সময় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।

ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ঘিরে আশপাশের এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় নেতা-কর্মীরা। কামারুজ্জামানের ফাঁসির রায়ে কারওয়ান বাজারে আনন্দমিছিল করে যুবলীগ ও ছাত্রলীগ।

রাজধানীর মিরপুর ও গাবতলীতে আনন্দমিছিল করে স্থানীয় আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ইউনিট আনন্দমিছিল করে।