আরেকটি পরিবারকে একঘরে করলেন মাতবরেরা
ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের মাতবরেরা আরেকটি পরিবারকে একঘরে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবার মাতবরদের আক্রোশের শিকার হয়েছেন আবদুল বারেকের পরিবারের সদস্যরা।
মাতবরদের নির্দেশে গ্রামের কোনো মানুষ তাঁদের সঙ্গে কথা বলছে না। এমনকি আপন ভাইয়ের পরিবারের সদস্যরাও না। তাঁদের মুখ দেখা চলবে না, এ কারণে একই বাড়ির উঠানে বাঁশের বেড়া দিয়েছেন ভাতিজা। গত সোমবার সকালে বারেকের স্ত্রী পারুলা বেগম অসুস্থ হয়ে পড়েন। বারেকের বন্ধু পল্লিচিকিৎসককে ডেকেও বাড়ি আনতে পারেননি। নিজ বাড়িতে বন্দী জীবন যাপন করছে পরিবারটি।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের অন্তত চারজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, কুলখানিতে দাওয়াত নিয়ে মতবিরোধের জেরে একই গ্রামের বাসিন্দা মোবারক হোসেনকে পাঁচ-ছয় বছর একঘরে করে রাখা হয়। গত জুনে তাঁর ভাতিজা জহুরুল ইসলাম বিয়ে করেন। এতে মোবারককে দাওয়াত দেওয়ার অপরাধে তাঁকেও একঘরে করা হয়। পরে গ্রাম্য সালিসে জহুরুলকে ‘জাতে’ উঠতে দেড় শতাধিক ব্যক্তিকে খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দিনমজুর জহুরুল ১২ জুলাই ভূরিভোজের আয়োজন করেন। পরে চাচা মোবারককেও ‘জাতে’ তোলা হয়।
এ ঘটনায় তখন প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে ৩১ জুলাই ঝিনাইদহ মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন। আদালত একঘরে করার ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। ১৫ দিনের মধ্যে তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দেবে। এ পরিস্থিতিতে গ্রামের মাতবরদের কোপানলে পড়েন বারেক। তিনি সংবাদকর্মীদের তথ্য দিয়েছেন বলে সন্দেহ মাতবরদের। এর জেরেই ৪ আগস্ট রাত ১০টার দিকে নাটাবাড়িয়া গ্রামে মসজিদের সামনে সালিস হয়। সেখানে গ্রামের মানুষের কথা না শোনা, গ্রামের তথ্য বাইরে পাচার করা এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নামে কুৎসা রটানোর অভিযোগে আবদুল বারেককে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেন মাতবরেরা। মাতবর গোলাম মোস্তফার নেতৃত্বে সালিসে সিদ্ধান্ত নেওয়ার পরদিন শনিবার থেকে আবদুল বারেকের পরিবার একঘরে হয়ে আছেন। তাঁর সঙ্গে গ্রামের কোনো বাসিন্দা কথা বলছে না। মাতবরদের ভয়ে বারেকের পরিবারের সঙ্গে আপন ভাই ও ভাইয়ের পরিবারের সদস্যরাও কথা বলা বন্ধ করে দিয়েছেন।
গ্রামের বাসিন্দারা আরও বলেন, রোববার সকালে বারেকের ভাতিজা বাবলু শেখ বাড়ির উঠানে বাঁশের বেড়া দেন।
এ বিষয়ে জানতে চাইলে বাবলু শেখ মুঠোফোনে বলেন, গ্রামে থাকতে হলে সমাজের নিয়ম তাঁদের মানতে হবে। তিনি এর বেশি আর কিছু বলতে চাননি।
জানতে চাইলে আবদুল বারেক বলেন, ‘আপনারা তথ্য পাচ্ছেন আর পত্রিকায় লিখে দিচ্ছেন। এ নিয়ে এখন আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। একটি মহল মিথ্যা সন্দেহ করে আমাদের একঘরে করে রেখেছে। আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারছি না। বাড়ির পেছনে কলাবাগানের ভেতর দিয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। দোকানপাটে গেলেও কেউ তাঁর কাছে পণ্য বিক্রি করছেন না। তা ছাড়া গত সোমবার সকালে আমার অসুস্থ স্ত্রীকে চিকিৎসা দিতে পল্লিচিকিৎসক রবিউল ইসলামকে আসতে অনুরোধ করি। কিন্তু তিনি আসেননি।’
পল্লিচিকিৎসক রবিউল ইসলাম বলেন, একজন চিকিৎসক হয়েও তিনি সমাজের নিয়মের কারণে রোগী দেখতে যেতে পারেননি। আবদুল বারেক তাঁর বন্ধু, তারপরও যেতে না পেরে তাঁর খুব খারাপ লেগেছে।
তবে একঘরে করার অভিযোগ অস্বীকার করে গ্রামের মাতবর গোলাম মোস্তফা বলেন, তাঁরা বারেককে একঘরে করেননি। গ্রামের সালিসে আলোচনা হয়েছে, তিনি (বারেক) কারও সঙ্গে মিশতে চান না। তাই গ্রামবাসীও তাঁকে সমাজ থেকে বাদ রেখেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই, তিনি খোঁজ নিয়ে দেখবেন। এর আগের ঘটনাটি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই সচেতনতা বাড়ানো ছাড়া তাঁদের তেমন কিছু করার নেই।