আরেকটি বিকেলের অপেক্ষায় লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্যের জয়ের অপেক্ষায় আছি। এ রকম এক বিকেলে আমাকে ধরে নিয়ে গুলি করে পঙ্গু করা হয়েছিল। আমার বিশ্বাস, এ রকম আরেকটি বিকেল আসবে, সত্যের জয় নিয়ে। সেই বিকেলে আমি আমার গ্রামে ফিরে যাব।’গতকাল সোমবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের বিছানায় বসে প্রথম আলোকে কথাগুলো বলছিল র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন।পঙ্গু লিমনকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে গিয়েছিলেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সভাপতি হামিদা হোসেন। তিনি লিমনের চিকিৎসার সর্বশেষ অবস্থা ও তার পরিবারের খোঁজখবর নেন। লিমন জানায়, তার অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে এখনো প্রতিদিন সকাল-বিকাল দুইবার পায়ে থেরাপি নিতে হয়।লিমনের বড় কষ্ট তার মাকে নিয়ে। যে মা এত কষ্ট করে ছেলেমেয়েদের কলেজ পর্যন্ত পাঠিয়েছেন, সেই মাকে এখন র্যাব সন্ত্রাসী বলে অপবাদ দিচ্ছে। এ কথা বলতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে লিমন। চলতি বছর লিমনের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার অল্প কয়েক দিন আগে গত ২৩ মার্চ বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে র্যাবের হাতে গুলিবিদ্ধ হয়। সে হামিদা হোসেনকে বলে, সুস্থ হয়ে সে আবার লেখাপড়া শুরু করতে চায়। এ জন্য সে সবার সহযোগিতা চায়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদা হোসেন বলেন, ‘আমরা আইনের শাসন চাইছি। আমরা তো এখনো জঙ্গলে বাস করি না। র্যাবের যে দাবি, তা তারা করতে পারে। সে জন্য দেশে আইন-আদালত আছে। কিন্তু এর আগে তারা কাউকে দায়ী করতে পারে না।’ তিনি বলেন, এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত। এরপর হামিদা হোসেন র্যাবের গুলিতে আহত রহিমা খাতুনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ৩ জুন কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের অভিযানে মাথায় গুলিবিদ্ধ রহিমাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালে রহিমাকে পাহারার দায়িত্বে থাকা র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) সুলতান আসক সভাপতিকে জানান, র্যাব রহিমার চিকিৎসার খরচ দিচ্ছে। এখন রহিমার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।