আরেকটি বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত
বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের নীতিগত সিদ্ধান্ত দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। প্রকল্পটি সরকারি ও বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে বাস্তবায়ন করা হবে।গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ কথা জানান।প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের স্থান নির্বাচন, যাতায়াতব্যবস্থার ওপর মন্তব্য, নকশা প্রণয়ন ও সম্ভাব্য ব্যয় নিরূপণের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্যকে (অর্থ) প্রধান করে নয় সদস্যবিশিষ্ট একটি প্রাক-সম্ভাব্যতা কমিটি গঠন করা হয়। কমিটি সাতটি স্থান সরেজমিনে পরিদর্শন করে তিনটি স্থানের প্রস্তাব করেছে। প্রথম প্রস্তাব হচ্ছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল, আমিরাবাড়ী, মোক্ষপুর এবং মঠবাড়ী ইউনিয়নের বিভিন্ন মৌজার দুই হাজার ৬০০ হেক্টর জমি। দ্বিতীয় প্রস্তাব হলো, ত্রিশাল উপজেলার রামপাল, কানিহারি, কাঁঠাল ও বৈলা ইউনিয়নের বিভিন্ন মৌজার দুই হাজার ৬০০ হেক্টর জমি। তৃতীয় প্রস্তাব, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নদীতীরবর্তী ৩০ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রস্তবিশিষ্ট চর এলাকা। স্থান বিষয়ে কমিটির এই তিন প্রস্তাবের মধ্যে প্রথমটির পক্ষে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গত ৭ এপ্রিলের সভায় সুপারিশ করা হয়।সভায় বলা হয়, দেশে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে দিন দিন বাড়ছে। মোট বিমানযাত্রীর প্রায় ৮০ শতাংশই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করে থাকে। এই বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে রয়েছে এবং যাত্রী বহন পরিচালনক্ষমতা ৮০ লাখ। দেশে ক্রমবর্ধমান বিমানযাত্রীর তুলনায় তা অপ্রতুল। আবার এর চারদিকে আবাসিক এলাকা এবং সেনানিবাস থাকায় ভবিষ্যতে সম্প্রসারণ করা সম্ভব নয়। তাই ঢাকার অদূরে নতুন এই বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।