
রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানের ফলে দেশে আরেকটি ভয়ংকর জঙ্গি হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গুলশানের মতো আরেকটি ভয়াবহ হত্যাযজ্ঞের প্রচেষ্টা গোয়েন্দা সংস্থার নজরে আসায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল মঙ্গলবার চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলে। সকালে তারা অভিযান চালালে নয় জঙ্গি নিহত ও অন্য একজন আহত হয়। এক জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শেখ হাসিনা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে এবং তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল এবং জঙ্গিরা ভয়ংকর হামলার প্রস্তুতি নিয়েছিল।
শেখ হাসিনা বলেন, ‘আমরা এ ধরনের জঙ্গি হামলা রোধ করতে পেরেছি এবং এটি জীবন ও জনগণের সম্পদ রক্ষায় এখন একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে তাদের কৃপায় জঙ্গি ও সন্ত্রাসীরা এ ধরনের অবস্থান তৈরি করলেও আমাদের নীতি হচ্ছে এই অশুভ চক্র বাংলাদেশে কখনোই আশ্রয় পাবে না।’
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সমাজজীবনে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আরও সতর্কতার সঙ্গে কঠোরভাবে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারি সেবা গ্রহণে মানুষ যাতে কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
সম্মেলনে অংশ নেওয়া ৬৪ জন জেলা প্রশাসক ও ৮ বিভাগীয় কমিশনারকে ১৯ দফা কাজের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি জেলা প্রশাসকদের নিজ নিজ জেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গড়ে তুলে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘একদম তৃণমূল থেকে কমিটি গড়ে তুলে যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের খুঁজে বের করতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সূচনা বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন, রাজবাড়ীর জেলা প্রশাসক বেগম জিনাত আরা, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও ঢাকার বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী গৃহহারা মানুষের তালিকা তৈরির পাশাপাশি খাসজমি খুঁজে এসব মানুষের আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। একই সঙ্গে এসব মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করার উদ্যোগ নিতে বলেন।
প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, কঠোরভাবে মাদক ব্যবসা, মাদক চোরাচালান ও এর অপব্যবহার বন্ধ করতে হবে। পার্বত্য জেলাগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি এ অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বনাঞ্চল, নদী-জলাশয়, প্রাণিসম্পদ ও গিরিশৃঙ্গগুলোর সৌন্দর্য সংরক্ষণ করতে হবে। এ ছাড়া পর্যটনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে।