নারায়ণগঞ্জের সোনারগাঁয় চাঁদার দাবিতে বৈদ্যুতিক টাওয়ারের নির্মাণকাজ বন্ধ ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় সন্ত্রাসী আরমানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ থানায় মামলাটি করেন দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান হানবেক লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক লি মিনহো।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালরের অধীনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পক্ষে মেঘনা ঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভির বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের টাওয়ার নির্মাণকাজ করছে হানবেক। চাঁদার দাবিতে সন্ত্রাসী আরমান ১ মার্চ তাদের প্রকল্প এলাকায় গিয়ে যেসব সন্ত্রাসী কার্যকলাপ করেন, ঘটনার দিন করা মামলায় বিস্তারিত ছিল না বিধায় নতুন করে এ মামলা করা হলো।এজাহারে উল্লেখ করা হয়, আরমান প্রকল্পের কর্মকর্তাদের এই বলে ভয় দেখান যে সাংসদ, পুলিশ সুপার ও র্যাব-পুলিশ তাঁকে সাহায্য করে। ফলে তাঁকে ছয় মাসের বেশি জেলে থাকতে হয় না। বর্তমানে আরমান ও তাঁর সহযোগীরা ফোন করে প্রকল্পের মাঠ কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন এবং স্থানীয় লোকদের আমাদের সহযোগিতা না করতে চাপ দিচ্ছেন। বর্তমানে চারটি টাওয়ারের নির্মাণকাজ বাকি আছে। ৪০ দিনের মধ্যে এ কাজ অবশ্যই শেষ করতে হবে। বর্ষার পানি চলে এলে এখানে আর কাজ করা যাবে না।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সন্ত্রাসী আরমানকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।