আরেকটি মামলায় মোকাররমের চার দিনের রিমান্ড
ফরিদপুরে আরেকটি চাঁদাবাজির মামলায় গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া ওরফে বাবুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৯ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ওরফে বরকত ৫০ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মোকাররম মিয়ার বিরুদ্ধে ওই মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা আদালতে মোকাররমের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
ফরিদপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান বলেন, শুনানি শেষে ১ নম্বর আমলি আদালতের হাকিম মো. হামিদুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯ এপ্রিল চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালি থানায় ওই মামলা দায়ের হওয়ার পর বৃহস্পতিবার মোকাররমকে ঢাকার বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করে রমনা থানার পুলিশ।
সোমবার অন্য একটি চাঁদাবাজির মামলায় একই আদালত মোকাররমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এ মামলাটি করেন ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এস এম সরোয়ার হোসেন।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিতের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ছাত্রলীগের স্থানীয় কর্মী ফাহাদ বিন ওয়াজেদ রোববার মামলাটি করেন।
এ নিয়ে ২৩ এপ্রিল থেকে ফরিদপুর কোতোয়ালি ও ঢাকার পল্টন থানায় সত্যজিতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নয়টি মামলা হলো।