তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা আরেকটি রিট আবেদন গতকাল বুধবার খারিজ করেছেন হাইকোর্ট। এ নিয়ে একই বিষয়ে করা দুটি রিট খারিজ করলেন আদালত।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল এ রিট আবেদনটি খারিজ করেন। তবে আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল বিভাগে যাবেন।
গত ২৭ আগস্ট পল্লবীর জাকির হোসেন আইসিটি আইনের ৫৭ ধারা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করেন। এতে বলা হয়, আইসিটি আইনের ৫৭ ধারা প্রশাসনকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে, যা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। গত রবি থেকে মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান এ সিদ্দিকী ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গতকাল আবেদনটি খারিজ করে দেন আদালত।
সম্প্রতি আইসিটি আইনের ৫৭ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট আবেদন হয়, যার মধ্যে দুটি খারিজ হয়ে গেল। এর আগে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি আবেদন খারিজ করেন। অবশ্য গত মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের আরেকটি বেঞ্চ ৫৭ ধারা নিয়ে রুল দিয়েছেন। ৫৭ ধারাকে কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত।