শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে ডুবে যাওয়া ৩টি লঞ্চের আরেকটি শনাক্ত করেছেন বিআইডব্লিউটিএর ডুবুরিরা। গতকাল শুক্রবার নড়িয়ার চণ্ডীপুর লঞ্চঘাটের কাছে মহানগরী লঞ্চটি শনাক্ত করা হয়।
এর আগে গত মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার দুলারচর এলাকায় মৌচাক-২ লঞ্চটি শনাক্ত করা হয়। পদ্মায় প্রচণ্ড¯স্রোত থাকায় ওই লঞ্চ দুটি উদ্ধারে অভিযান চালাতে পারছেন না ডুবুরিরা। লঞ্চের ৩ যাত্রী ও ১৬ কর্মীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডুবে যাওয়া নড়িয়া-২ লঞ্চের সুকানি সজল তালুকদারের ভাই ইমন তালুকদার বলেন, ‘আমার ভাইসহ ১৯ ব্যক্তির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। এখন তো আর তারা কেউ বেঁচে নেই। আমরা কি তাদের লাশটাও পাব না? দুর্ঘটনার পর থেকে ভাইয়ের সন্ধানে পদ্মার তীরে অপেক্ষা করছি আর চোখের জল ফেলছি।’
গত সোমবার পদ্মার ভাঙনের কারণে নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। পানির স্রোতে পন্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। ডুবে যাওয়া মৌচাক লঞ্চটি ওই ঘাট থেকে ঢাকায় এবং নড়িয়া-২ ও মহানগরী লঞ্চটি নারায়ণগঞ্জে চলাচল করত।