মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মোক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় গতকাল বৃহস্পতিবার আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নয়জনের লাশ উদ্ধার করা হলো।এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে স্বজন ও প্রশাসন সূত্রে জানা গেছে। তবে এর সঠিক সংখ্যা জানা যায়নি। এ অবস্থায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।এদিকে দুর্ঘটনাকবলিত এমভি মদিনার আলো লঞ্চটিকে গত বুধবার গভীর রাতে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, রাত দুইটার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম নদীর তলদেশ থেকে লঞ্চটি টেনে তোলে। বর্তমানে এটিকে নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনার অদূরে বুধবার সন্ধ্যায় মেট্রো সিমেন্ট কারখানার কাছে তেল বহনকারী একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।উদ্ধার করা নয়জনের লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মালারকান্দি গ্রামের সুরুজ মিয়া (৪০) ও সাকিল (১১), পূর্বলালপুর গ্রামের রিপা আক্তার (২২), কালীপুর গ্রামের মনোয়ারা বেগম (৬০), কৃষ্ণপুর গ্রামের ইব্রাহীম পাটোয়ারী (৫০) ও করবুুল নেছা, দাউদকান্দি উপজেলার সিরারচর গ্রামের রানী বর্মণ (২৩), নারায়ণগঞ্জের খানপুর এলাকার মনু (২৮) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম পাটোয়ারী (৫০)।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের চর মোক্তারপুর এলাকার শাহ্ সিমেন্ট কারখানার সামনে শীতলক্ষ্যা নদী থেকে করবুল নেছার লাশ উদ্ধার করা হয়।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে গতকাল সবার লাশ স্বজনেরা নিয়ে গেছে।এ ঘটনায় নারায়ণগঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির আর্মড পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে তেল বহনকারী ট্যাংকারের মাস্টার ফারুক শেখ ও সুকানি জিল্লুর রহমানকে আসামি করে গতকাল বন্দর থানায় একটি মামলা করেছেন। নারায়ণগঞ্জ লঞ্চঘাটের ৫ নম্বর ঘাট থেকে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক বলেছেন, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরীক্ষণ প্রকৌশলী শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রিপা আক্তারের লাশ নিতে এসে তাঁর পরিবারের সদস্যরা বলেন, রিপার সঙ্গে তাঁর শিশুপুত্র রহিম (১) ও তাঁর স্বামী রোমানও (৩০) ছিলেন। এই দুজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না মতলব উত্তরের ইমামপুর গ্রামের রাজীবেরও। এ সময় হাসপাতালে উপস্থিত আবুল হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, তাঁর ছেলের ঘরের নাতি সজীবও (৫) নিখোঁজ রয়েছে। গতকাল মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের মধ্য কালীপুর গ্রামে গিয়ে দেখা যায়, লঞ্চডুবিতে মা মনোয়ারা বেগমকে হারিয়ে পারভীন বেগম বিলাপ করছেন। তিনি বলছিলেন, ‘ও মাগো, আমি কার কাছে যামু। কে আমারে দেখশোনা করব?’ পারভীনের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া লঞ্চযাত্রী মতলব উত্তরের বাসিন্দা উত্তম কুমার, জনি, পারভীন বেগম, হাসমত আলী ও ফাতেমা বেগম অভিযোগ করেন, লঞ্চের চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। অনভিজ্ঞ সারেং লঞ্চটি চালাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নোঙর করা তেল বহনকারী একটি ট্যাংকারের সঙ্গে এর ধাক্কা লাগে এবং এটি ডুবে যায়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, নদীতে আরও লাশ ভেসে ওঠে কি না, সে জন্য তীরে এখনো মানুষ ভিড় করছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে, তার প্রকৃত সংখ্যা জানা যায়নি। ওসি বলেন, তেল ট্যাংকারটিও আটক করে বন্দরে রাখা হয়েছে। তিনি আরও বলেন, অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।মুন্সিগঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিখোঁজ লোকজনের সংখ্যা সঠিক করে বলা যাচ্ছে না। তিনি বলেন, স্বজনেরা লাশের সন্ধানে ট্রলারযোগে নদীতে সন্ধান চালাচ্ছে। তল্লাশি চালাচ্ছে পুলিশের টহল দলও।এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি।