আরেকটি লাশ উদ্ধার নৌযানের মালিক ও চালকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আর অবৈধ নৌযান পরিচালনা ও যাত্রী পরিবহনের অভিযোগে ডুবে যাওয়া নৌযানের মালিক ও চালকের বিরুদ্ধে মেরিন আদালতে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গতকাল শনিবার বেলা দেড়টার দিকে সন্ধ্যা নদীর শাখা নলশ্রী খালে ভাসমান অবস্থায় ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের (৪০) লাশ উদ্ধার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের হামেদ হাওলাদারের ছেলে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, গতকাল দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশে পচন ধরেছে। পরে লাশ থানায় নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। এ নিয়ে ট্রলার দুর্ঘটনায় ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রলারডুবির ঘটনায় মাইনুল ইসলাম রাজু (২০) নামের এক কলেজছাত্র এখনো নিখোঁজ রয়েছেন। তিনি সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের আবদুল হাই হাওলাদারের ছেলে।

এদিকে বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের উপপরিচালক ও বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি ছিল অবৈধ যান। কোনো রকম অনুমতি ছাড়াই তারা যাত্রী পরিবহন করছিল। সার্ভে সনদ না থাকা, সময়সূচি না থাকা, যাত্রীদের প্রাণহানির ঘটনায় ট্রলার মালিক ইউসুফ হাওলাদার ও চালক নয়ন মিয়ার বিরুদ্ধে মেরিন আদালতে মামলা করা হয়েছে। তাঁরা দুজনই পলাতক রয়েছেন।

গত বুধবার বেলা ১১টার দিকে ঐশী নামের ট্রলারটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে পথে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট ঘাটে যাত্রী নামাতে যাওয়ার পথে নদীর পাড় ভেঙে তীরের কাছাকাছি ডুবে যায়। পরের দিন তা উদ্ধার করেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক। এ ঘটনায় এক যাত্রী নিখোঁজ আছেন। বাকি সবার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।