আরেকটি সম্মান বয়ে আনলেন ওয়াসফিয়া
দেশের জন্য আরেকটি সম্মান বয়ে আনলেন ওয়াসফিয়া নাজরীন। এবার তিনি পরিবেশ ও ভূগোলবিষয়ক বিখ্যাত আন্তর্জাতিক সংগঠন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির ‘এমার্জিং এক্সপ্লোরার’ পুরস্কার পেয়েছেন।
গতকাল রোববার ওয়াসফিয়ার মুখপাত্র মোরশেদ মিশুর পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, প্রথম বাংলাদেশি এবং একমাত্র বাঙালি নারী হিসেবে গত বছর ওয়াসফিয়া বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় আরোহণ করেন। এসব কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার অঙ্গীকারকে সম্মান জানিয়ে ২০১৪-১৫ সালে তিনি ‘ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারার’ হিসেবে নির্বাচিত হন। ন্যাশনাল জিওগ্রাফিকের ইতিহাসে তিনিই একমাত্র নারী যে একই সঙ্গে এমার্জিং এক্সপ্লোরার ও ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারার হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী জুনে ওয়াশিংটনে দশম বার্ষিক এক্সপ্লোরার সম্মেলনে ওয়াসফিয়াকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের অর্থ ওজেল ফাউন্ডেশনের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ করবেন ওয়াসফিয়া। বিজ্ঞপ্তি