যুবলীগ নামধারী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরীকে ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভূঁইয়া শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে চট্টগ্রামে দিঘিতে ড্রামের ভেতর থেকে এক যুবলীগ কর্মীর লাশ উদ্ধারের মামলায় তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে একই আদালতে তাঁকে হাজির করে পুলিশ। পরে আদালত অমিতকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৩ আগস্ট চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রাণীরদীঘিতে পাওয়া একটি ড্রাম কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করে। এই মামলা তদন্তে অমিতের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। ২ সেপ্টেম্বর কুমিল্লা সদরে একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্র থেকে অমিত গ্রেপ্তার হন। পরদিন তিনি আদালতে জবানবন্দিতে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করায় বন্ধু ইমরানুলকে খুন করা হয় বলে জানান।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) জাহাঙ্গীর আলম গতকাল বলেন, জিজ্ঞাসাবাদে অমিতের কাছ থেকে ড্রামের ভেতর চার দিন লাশ রাখা, হাজারীগলি থেকে অ্যাসিড কেনা, চুন আনাসহ খুনের সঙ্গে জড়িত ১০ জনের নাম জানা গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া অমিতের স্ত্রীকেও খোঁজা হচ্ছে। তাঁকে উত্ত্যক্ত করার কারণে এই খুনের ঘটনা নাকি অন্য কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রীকে উত্ত্যক্ত করার কারণেই ইমাম হোসেনসহ বন্ধুরা মিলে ইমরানকে খুন করেছে বলে শুরুতে যে তথ্য তিনি দিয়েছিলেন এর বাইরে রিমান্ডে নতুন কোনো তথ্য দেননি অমিত।
এদিকে সরকারি সিটি কলেজ চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত হত্যা মামলায় অমিত মুহুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১১ ফেব্রুয়ারি কলেজে ক্লাস শেষে নগরের নন্দনকানন এলাকার বাসায় ফেরার পথে আমতলা এলাকায় একটি হোটেলের সামনে ছুরিকাঘাত করে খুন করা হয়। এই ঘটনায় অমিত মুহুরী জড়িত রয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হোক।