আরেকটি হলের জমি ইজারা পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলোর মধ্যে এবার আবদুর রহমান হলের জায়গা এক বছরের জন্য ইজারা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত হল উদ্ধার কমিটির প্রতিবেদন অনুযায়ী গত বুধবার আবদুর রহমান হলের জায়গা আগামী এক বছরের জন্য ইজারা দিয়েছে সরকার। ঢাকা জেলা প্রশাসক যেকোনো দিন দখলদারদের উচ্ছেদ করে হলটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেবেন।’
ওই হলটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আটজন পুলিশ সদস্য দীর্ঘদিন ধরে সপরিবারে বসবাস করছেন। এর আগে গত ২ মার্চ বেদখল হওয়া নজরুল ইসলাম হলের জায়গা এক বছরের জন্য ইজারা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনো আরও আটটি হলের জায়গা বেদখলে রয়েছে।