আরেকটু ভাঙলে ক্লিনিকটিও যাবে নদীর পেটে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙ্গালী নদীর ভাঙনে গত দুই সপ্তাহে ৫০টি বসতভিটা বিলীন হয়ে গেছে। এ ছাড়া মাছিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ কয়েক শ বাড়িঘর হুমকির মুখে পড়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধির কারণে বাঙ্গালী নদীর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে ৫০টির মতো বাড়িঘর বিলীন হয়ে গেছে। আরও অর্ধশতাধিক বাড়িঘর ও স্থাপনা হুমকিতে রয়েছে। উপজেলার মাছিরপাড়া, নারচী ইউনিয়নের গাছবাড়ী, উত্তর দেবেরপাড়া, গোদাগাড়ী, চরগোদাগাড়ী, হাট শেরপুর ইউনিয়নের নিজবরুরবাড়ী, সারিয়াকান্দি ইউনিয়নের পাইকপাড়া, ফুলবাড়ী ইউনিয়নের খালি, রামচন্দ্রপুর গ্রামসহ বিভিন্ন স্থানে ভাঙন চলছে।গত বোরবার সারিয়াকান্দির মাছিরপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, নদীভাঙনের কবল থেকে বাঁচার জন্য আট থেকে ১০টি পরিবার তাদের বাড়িঘর ভেঙে ও গাছপালা কেটে ভ্যানে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এদিকে নদী থেকে কমিউনিটি ক্লিনিকটি মাত্র দুই-তিন হাত এবং মাছিরপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০ থেকে ২৫ গজ দূরে রয়েছে।সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজীউল হক জানান, এক সপ্তাহে ওই এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি ও একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে এবং কয়েক শ বাড়ি হুমকির মুখে পড়েছে।পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, জরুরি ভিত্তিতে সেখানে কাজ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।