আরেকটু ভাঙলেই নদে বিলীন হবে বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্রাই নদের ভাঙনের মুখে রয়েছে যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন l ছবি: প্রথম আলো
আত্রাই নদের ভাঙনের মুখে রয়েছে যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন l ছবি: প্রথম আলো

১০ বছর আগেও বিদ্যালয়ের প্রশস্ত মাঠ ছিল। সেখানে ছাত্রছাত্রীদের হইহুল্লোড় ও খেলাধুলা চলত। ছুটির পর মাঠে গ্রামের মানুষ ফুটবল, ক্রিকেট খেলত। এখন সেসব অতীত। কারণ, আত্রাই নদের ভাঙনে বিদ্যালয়টির ৬৯ শতাংশ জায়গার ৫৪ শতাংশ বিলীন হয়ে গেছে।
শুধু বিদ্যালয়টির পাকা ও আধা পাকা দুটি ভবন দাঁড়িয়ে আছে। তা-ও ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
গত ২৭ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে আত্রাই নদ। উত্তর পাশ দিয়ে বয়ে গেছে শাখা নদ (মরা আত্রাই)। উত্তর-পশ্চিম থেকে আত্রাই নদের স্রোত বিদ্যালয়ের মাঠে আঘাত করছে। ভাঙনে বিদ্যালয়ের মাঠটি সংকুচিত হয়ে গেছে। আর তিন-পাঁচ হাত ভাঙলেই বিদ্যালয়ের পাকা ভবনটি বিলীন হয়ে যাবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী মীম, সাথি ও শাওন জানায়, মাঠ ভেঙে যাওয়ায় তারা বিদ্যালয়ে এসে খেলাধুলা করতে পারে না। অনেকে আবার নদে তলিয়ে যাওয়ার আশঙ্কায় শ্রেণিকক্ষ থেকে বের হয় না।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হাকিম জানান, মাঠের অধিকাংশ নদে বিলীন হওয়ায় বিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার গুহ জানান, ভাঙনের কবলে পড়া পাকা ভবনটি ২০০৯-১০ অর্থবছরে এলজিইডির অর্থায়নে ২৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বিদ্যালয়টির ৬৯ শতাংশ জায়গার ৫৪ শতাংশ নদের পেটে চলে গেছে। শুধু ১৫ শতাংশ জায়গাজুড়ে বিদ্যালয়ের দুটি ভবন টিকে রয়েছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে স্থানীয় সাংসদকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের মাঠে খেয়াঘাট হওয়ায় লোকজনের যথেচ্ছ পদচারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, নদের ভাঙন রোধে অর্থ বরাদ্দ না থাকায় তাঁরা কোনো উদ্যোগ নিতে পারছেন না।