আরেকটু ভাঙলেই হারিয়ে যাবে বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার হাজি ওছিমউদ্দিন মাদবরকান্দি গ্রামের অধিকাংশ এলাকা পদ্মা নদীতে চলে গেছে। এখনো ভাঙন অব্যাহত থাকায় এই গ্রামের একটি বেসরকারি বিদ্যালয়ের ভবন যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের সময়টুকু আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই করুণ অবস্থা এ গ্রামের পাইনপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের।বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এনামুল বলে, ‘ভয়ে আমরা প্রায়ই স্কুলে আহি না। বাড়ির থেইক্যা আমাগো জোর কইর‌্যা স্কুলে পাঠায়। স্কুলে আইলে ভয়ে কান্না পায়।’ সহকারী শিক্ষিকা রাশিদা খানম বলেন, ‘পাঠদান করার সময় আমরা সব সময় আতঙ্কে থাকি। কখন যে বিদ্যালয়টি পদ্মায় বিলীন হয়ে যায় আল্লাই জানে।’বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩৬০ জন শিক্ষার্থী রয়েছে। চারজন শিক্ষক পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২৫ লাখ টাকা ব্যয়ে একটি পাকা ভবন নির্মাণ করে। ভবনটি নির্মাণের সময় বিদ্যালয় থেকে পদ্মা নদীর দূরত্ব ছিল পাঁচ কিলোমিটার। গত নয় বছরে ভাঙতে ভাঙতে পদ্মা নদী ভবনটির কাছে চলে এসেছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী বলেন, ‘গত বছর আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছি। উপজেলা প্রশাসন বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করলে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিখারুদ্দৌলা জানান, ‘বিদ্যালয় ভবনটি আমরা নিলামে বিক্রির চেষ্টা করছি। শিশুদের পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য অনত্র ঘর নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।’