আরেকটু হেলে পড়লেই...

বন্যায় গ্রামের মানুষ পানিবন্দী। গ্রামের মাঝামাঝি এলাকায় দুটি ধাতব খুঁটিতে বিদ্যুতের ট্রান্সফরমার বসানো। খুঁটিসহ সচল ট্রান্সফরমারটি হেলে আছে। আরেকটু হেলে পড়লেই পানি স্পর্শ করবে ট্রান্সফরমার। আর তখন পানিতে সঞ্চালিত বিদ্যুৎ কী যে ভয়ানক বিপদ ডেকে আনবে, তা সহজেই অনুমেয়। স্থানীয় লোকজন আশঙ্কা করছেন, যেকোনো সময় ট্রান্সফরমারটির আশপাশ দিয়ে যাওয়া নৌযানের সঙ্গে এটির ধাক্কা লাগার ঘটনাও ঘটতে পারে।
২০০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি রয়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের পশ্চিম শাহপুর গ্রামে। আজ শুক্রবার সকালে গিয়ে দেখা গেছে, বন্যার পানি ছুঁই ছুঁই অবস্থায় আছে ট্রান্সফরমারটি। তা থেকে টাঙানো বিদ্যুতের একটি লাইনও পানির সঙ্গে প্রায় মিশে আছে।
স্থানীয়রা বলেন, যে দুটি খুঁটিতে ট্রান্সফরমারটি বসানো, সেগুলো বেশ পুরোনো। খুঁটির নিচের অংশে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। বছর খানেক আগে খুঁটিসহ ট্রান্সফরমারটি হেলে পড়ে। পরে বাঁশের খুঁটির ঠেকনা দিয়ে এটিকে পতন থেকে কোনোমতে রক্ষা করা হয়।
ট্রান্সফরমারটির ছবি তোলার সময় ছোট একটি নৌকা নিয়ে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ছুরকুম আলী (৫৫)। তিনি বলেন, ‘ফ্লাডর (বন্যা) কারণে এমনেউ (এমনিতেই) আমরা বিপদো আছি। হুকনার সময় (শুষ্ক মৌসুম) কতবার কারেন্টর মানুষদের (বিদ্যুৎ বিভাগের লোকজন) কইছি একটা বিহিত করার। তাঁরা আইজ-কাইল করি টাইম নষ্ট করলা। অখন এইটা আমরার লাগি বড় বিপদ অই গেছে।’
স্থানীয় লোকজনের ভাষ্য, ট্রান্সফরমারটি মাটি থেকে চার-পাঁচ ফুট উঁচুতে রয়েছে। বন্যার কারণে এটি পানির খুব কাছাকাছি চলে এসেছে। গ্রামের লোকজন নৌকায় যাতায়াতের সময় প্রায়ই এটির কাছ দিয়ে যায়। এড়ানোর কোনো সুযোগ থাকে না।
পাশের একটি বাড়ির বাসিন্দা সিরাজুননেছা (৫০) বলেন, দিনে অনেকে খেয়াল করে নৌকা চালান। রাতে খেয়াল রাখা কঠিন। শিশুদের নিয়েই ভয়টা বেশি।
ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া বিক্রয়, বিতরণ ও সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক দিন হলো যোগ দিয়েছি। বিষয়টি আমাকে কেউ জানাননি। লোক পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’