ভোটের দিন ঘনিয়ে আসায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রধান দুই প্রার্থীর ব্যস্ততাও বেড়েছে। রাজশাহীকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে আরেকবার নগরবাসীর সমর্থন চাইছেন ১৪ দল-সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। ১৮-দলীয় জোটের সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন প্রধান প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করে বলেছেন, তিনি আগেরবার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি।
এই দুই প্রার্থী গতকাল শুক্রবার গণসংযোগকালে এসব কথা বলেন। খায়রুজ্জামান সকাল সাড়ে ১০টায় নগরের গোরহাঙ্গা মোড় থেকে দিনের গণসংযোগ শুরু করেন। তিনি ষষ্টিতলা, জেলেপাড়া, কাজিরগঞ্জ, উঁচু ভিটা, বনপুকুর এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাহেববাজার বড় মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে সদ্য সাবেক মেয়র বলেন, স্বপ্নের গ্যাস এখন রাজশাহীতে। সব অপপ্রচার ও মিথ্যাচারের অবসান হয়েছে। রাজশাহীর উন্নয়নের ক্ষেত্রে এটি মাইলফলক। তিনি বলেন, বড় ও মাঝারি উদ্যোক্তাদের রাজশাহীতে শিল্প স্থাপনে উদ্বুদ্ধ করা সহজ হবে। পোশাক কারখানা স্থাপন করে লক্ষাধিক লোকের কর্মসংস্থান করা হবে। এত দিন গ্যাস-সংযোগের অপেক্ষা ছিল।
নাগরিক কমিটির প্রার্থী খায়রুজ্জামান বলেন, ‘বিশৃঙ্খল-ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়ে আমি সিটি করপোরেশনকে নাগরিকদের নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত করেছি। আমি যা অঙ্গীকার করেছি, তা রাজশাহীবাসীকে নিয়ে সফল করেছি। বাকি যেসব কাজ চলমান আছে বা করতে হবে, তা নগরবাসীকে নিয়ে বাস্তবায়ন করতে চাই।’ গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি তৌহিদুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।
সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী মোসোদ্দেক হোসেন গণসংযোগ শুরু করেন সকাল আটটায়। তিনি ১৭ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া পার্ক, ভাড়ালি পাড়ায় গণসংযোগ শেষে খানকা শরিফ জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করেন। বেলা দুইটা থেকে তিনি ১৮ নম্বর ওয়ার্ডের খুলিপাড়া, ফুলতলা ও সরকার পাম্প এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাবেক মেয়রের সমালোচনা করে বলেন, তাঁর ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল রাজশাহীতে ইপিজেড স্থাপন। ইপিজেড স্থাপিত হলে রাজশাহীতে শিল্পের প্রসারের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো।
মোসাদ্দেক হোসেন বলেন, খায়রুজ্জামান তাঁর আস্থাভাজন একজন প্যানেল মেয়রের মাধ্যমে কাউন্সিলর সিন্ডিকেট ও একজন ঠিকাদারের নেতৃত্বে ঠিকাদারদের একটি সিন্ডিকেট নিয়ে মূল্যবান পাঁচটি বছর অতিবাহিত করেছেন। ফলে রাজশাহীর মানুষ প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। মোসাদ্দেকের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান, সাবেক সাংসদ আসাদুল হাবিব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক প্রমুখ।