আরেকবার সুযোগ চান বর্তমান মেয়র, মাঠ ছাড়বে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটাই শেষ নির্বাচন। উন্নয়ন অব্যাহত রাখতে আরেকবার বিজয়ী করুন।’ ভোটারদের কাছে এটাই প্রার্থনা করে যাচ্ছেন বর্তমান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ। অন্যদিকে ফাঁকা মাঠে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। যদিও দলটি নির্বাচনে যাওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি।চার সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মাঠে সরগরম বরিশালের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও দলীয়ভাবেই প্রচারণায় রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা।সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র শওকত হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হক খান ও বিএনপির পক্ষে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান গণসংযোগ শুরু করেছেন। অন্যদিকে মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান ও বিএনপির জেলা সভাপতি আহসান হাবিব কামালের পক্ষে ব্যানার, পোস্টার সাঁটানো হলেও তাঁরা সরাসরি গণসংযোগে নামেননি।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে বর্তমান মেয়র শওকত হোসেনই আমাদের প্রার্থী। এ ব্যাপারে আমাদের বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে।’প্রথম মেয়াদে ব্যাপক উন্নয়ন করার দাবি করে বর্তমান মেয়র আরেকবার সুযোগ প্রার্থনা করছেন। গত ৩ মে নগরের বাস টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠান ও ৪ মে মহিলা লীগের বর্ধিত সভায় এই অনুরোধ জানান শওকত হোসেন।নির্বাচনের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত না হলেও মেয়র নির্বাচনে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমানকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে নগরে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। তবে নিজেকে দলীয় প্রার্থী দাবি করে প্রচারণায় নেমেছেন জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান। তিনি গত শুক্রবার নগরের এবায়েদুল্লাহ মসজিদ থেকে গণসংযোগ শুরু করেন। আবদুর রহমান বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগকে খালি মাঠে গোল দিতে দেবেন না তিনি।বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিটি নির্বাচনে ১৮ দলের পক্ষে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মজিবর রহমানের। তাঁর পক্ষে জামায়াতেরও সমর্থন রয়েছে।জানতে চাইলে মজিবর রহমান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করার জন্যই চার সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমি দলের বাইরে কখনো কোনো সিদ্ধান্ত নিইনি। দলীয় নেতা-কর্মীদের চাপ রয়েছে। কেন্দ্রীয়ভাবে দল ও জোট সিদ্ধান্ত নিলে আমি প্রার্থী হব।’অন্যদিকে একসময় দল থেকে বহিষ্কৃত বর্তমান জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালও দলীয় প্রার্থী হওয়ার আশা করছেন। তিনি বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। এখনো দলের বৈঠক হয়নি। আমি দলে যোগ্য। তবে আমার চেয়ে কোনো যোগ্য প্রার্থী হলে আমার আপত্তি থাকবে না। দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করব।’ তফসিল ঘোষণার পরপরই প্রচারে নেমেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হক খান। তিনি সোমবার নগরের নতুনবাজার টেম্পোস্ট্যান্ডে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে প্রচারপত্র বিলি করেন।