গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের মানববন্ধন
আরেফিন সিদ্দিকের বিরুদ্ধে 'অপসাংবাদিকতা' ষড়যন্ত্রের অংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে হেয় করা বা অসম্মান করা প্রকারান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামের ওপর আঘাত হানা। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ হিসেবে একপেশে সংবাদ পরিবেশনের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ‘সত্যের সন্ধানে ব্রতী, সদা জাগ্রত আমরা’ স্লোগানে ‘অপসাংবাদিকতার বিরুদ্ধে’ এই মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই। বর্তমান শিক্ষার্থীদের ব্যানার নিয়েও অনেকে মানববন্ধনে যোগ দেন। আরেফিন সিদ্দিক এই বিভাগেরই শিক্ষক।
মানববন্ধনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ বলেন, ‘মিথ্যার ওপর সাংবাদিকতা কখনো টিকতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম যে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, তা মেনে নেব না।’
নীল দলের সাবেক আহ্বায়ক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীন বলেন, আরেফিন সিদ্দিকের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাঁকে হেয় করা বা অসম্মান করা এবং তাঁর ওপর আঘাত আসা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামের ওপর আঘাত হানা।
অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে অধ্যাপক শেখ আবদুস সালাম, অধ্যাপক শফিউল আলম ভূইয়া, রোবায়েত ফেরদৌস, সামিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া,মানবকণ্ঠ-এর সম্পাদক আনিস আলমগীর প্রমুখ বক্তব্য দেন।