আরোহীকে হত্যা মোটরসাইকেল ছিনতাই
পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের শহীদ মাহবুব সেনানিবাস মোড়ের অদূরে ভেলাকোপায় গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মাহবুবুর রহমান চোখা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে। মাহবুব পার্বতীপুর উপজেলার উত্তর ধোবাকল বালাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে তাঁর স্ত্রী শেফালী বেগম বদরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন রাতে মাহবুবুর রহমান তাঁর এক বন্ধুকে নিয়ে ডিসকভার মোটরসাইকেলে করে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাঘবাড় গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলার সংযোগ সীমানার নিকটবর্তী চিত্রার মোড় ভেলাকোপায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। তারা মাহবুবুর রহমান ও তাঁর সঙ্গীকে বেদম মারধর করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।