আর্কাইভ বিষয়ে আইন তৈরির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবহেলা আর উপলব্ধির অভাবে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেছে। নথি সংরক্ষণে অবহেলা চলতে থাকলে নতুন প্রজন্ম বিচ্ছিন্ন হবে ইতিহাস থেকে।’
গতকাল বুধবার ‘বাংলাদেশে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা এবং জাতীয় উন্নয়নে ভূমিকা’ বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস)।
নথি সংগ্রহ ও ব্যবস্থাপনায় একটি অধ্যাদেশ আছে, কোনো আইন নেই। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী আর্কাইভ নিয়ে একটি আইন করার তাগিদ দিলেন। নথি সংগ্রহে না রাখার কুফল সম্পর্কে তিনি বললেন, আমাদের মুক্তিযুদ্ধের পরিপূর্ণ দলিল আমরা সংগ্রহ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। গণতন্ত্রের বিকাশ ও জাতীয় উন্নয়নে আর্কাইভ ও নথি ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া উচিত।
মূল বক্তা বারমস সভাপতি শরীফউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন অংশে প্রায় ২০০ বছর ধরে জমিদারি প্রথা চালু ছিল। জমিদারের কাচারিতে থাকত নথিপত্র। ঢাকার নবাব পরিবার ও ভাওয়াল রাজার নথি ছাড়া আর কোনো জমিদারের দলিল নেই জাতীয় আর্কাইভসে। বলা যায়, দেশের বেশির ভাগ অঞ্চলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান হারিয়ে গেছে।