আর্কাইভস আইন করতে হবে তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস ও অধিকার নির্ভর করে নথি এবং আর্কাইভসের ওপর। উন্নত নথি ব্যবস্থাপনা সুশাসন ও উন্নয়নের জন্যও সহায়ক। তাই নথি ও আর্কাইভসকে যথাযথ গুরুত্ব দিতে হবে। এ জন্য তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দিয়ে একটি সহজ ও যুগোপযোগী আর্কাইভস আইন প্রণয়ন করতে হবে।
আন্তর্জাতিক আর্কাইভস দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই গোলটেবিল। দিবসটি উদ্যাপনে প্রথম আলো তিন বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করে আসছে।
আলোচনায় অংশ নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ আইনের ওপর জোর দিয়ে বলেন, অংশীজনদের মতামত নিয়ে তাঁরা আইনটি করতে চান। মতামত পেতে প্রস্তাবিত আইনের খসড়া ওয়েবসাইটে দেওয়া হবে। তিনি বলেন, যত বেশি আলোচনা হবে, মানুষ তত সচেতন হবে।
গবেষকদের আরও বেশি সেবা দিতে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সচিব। তিনি বলেন, যে তথ্য মানুষের পাওয়ার অধিকার আছে, তা দিতে হবে। আর তা না হলে সত্য, ইতিহাস ও ঐতিহ্য জানব কী করে?
তথ্য অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্কাইভস আইন করতে পরামর্শ দেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। তিনি বলেন, সব নথি ও আর্কাইভস গোপনীয় হিসেবে রাখা যাবে না। তাঁর মতে, জেলা প্রশাসকের অধীনে থাকা ভূমি-সংক্রান্ত রেকর্ডপত্র জাতীয় আর্কাইভসে আনা সমীচীন হবে না।
প্রস্তাবিত আইনটি আকারে বড় না করার পরামর্শ দেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সাবেক পরিচালক শরীফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মূল আইনটি কয়েক পৃষ্ঠার মধ্যে করা উচিত। যেখানে মূল কথা থাকবে। আইনানুযায়ী আর্কাইভসে দলিল না দেওয়ার জন্য আইনে কঠোর সাজার বিধান না রেখে ‘মৃদু’ সাজার বিধান রাখার পরামর্শ দেন তিনি। তাঁর মূল কথা হলো আইনটি সহজ হতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিতে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের অধীনে এ বিষয়ে ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব করেন শরীফ উদ্দিন আহমেদ।
নথি ব্যবস্থাপনা ও আর্কাইভসের ওপর বাস্তবসম্মত প্রশিক্ষণের ওপর জোর দেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক অদুদুল বারী চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে আইনের খসড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন ‘বল’ মন্ত্রণালয়ের হাতে।
মূল প্রবন্ধে প্রথম আলোর গবেষণা ও আর্কাইভসের উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক বলেন, ১৯৮৩ সালের অধ্যাদেশে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনার কাজ চলছে। কিন্তু পূর্ণাঙ্গ আইন না হওয়ায় দেশের নথি ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।
লুৎফুল হক বলেন, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থা, বিশেষত যাদের ধারাবাহিক ঐতিহ্য আছে, যেমন: বিচারিক সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশ, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের নিজস্ব নথি ব্যবস্থাপনা প্রচলিত আছে। কিন্তু জাতীয় পর্যায়ে কোনো আইন বা নীতিমালা না থাকায় সংস্থাগুলোর নীতিমালাগুলো কখনো কখনো একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া নীতিমালাগুলোও গতানুগতিক।
বেসরকারি সংস্থাগুলোয় উন্নত নথি ব্যবস্থাপনা না থাকলে জনগণের তথ্য অধিকার কার্যত ব্যর্থ হবে মন্তব্য করে লুৎফুল হক বলেন, প্রস্তাবিত আইনে এই বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া জাতীয় আর্কাইভসকে কার্যকর করতে অধিদপ্তরকে যথাযথ ক্ষমতা ও দায়িত্ব দেওয়া এবং জনবল বাড়ানোর পরামর্শ দেন তিনি। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরকে পৃথক অধিদপ্তর করারও পরামর্শ দেন তিনি। তথ্যপ্রযুক্তিকে স্থান দিয়ে প্রস্তাবিত আইনটি করতে তিনি প্রস্তাব করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেষণে কর্মরত) মো. নাসির উদ্দিন বলেন, প্রস্তাবিত আইনের নাম সহজ হতে হবে। এটি আর্কাইভস অ্যাক্টও হতে পারে। তবে যে নামেই করা হোক না কেন এটা দ্রুত করতে হবে। কারণ, এটা সময়ের দাবি।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরকে আলাদা করার ওপর গুরুত্বারোপ করেন অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া। তিনি বলেন, এ প্রতিষ্ঠানকে একটি সত্যিকারের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।