আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
গোপালগঞ্জের কোটালীপাড়ার সদর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার উত্তরপাড় মহল্লায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক মিজান সিকদার ব্রাজিলের সমর্থক ইদ্রিস শেখকে কটূক্তি করেন। এর জের ধরে মিজান ও ইদ্রিসের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে গড়ায়। এ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে আর্জেটিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকেরা লাঠিসোঁটা, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় তিনটি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে। আধা ঘণ্টা পরে কোটালীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন: সুফিয়া বেগম (৬০), ফরহারুল সিকদার (৫০), হাসিনা বেগম (৫০), বাচ্চু সিকদার (৫০) ও ইদ্রিস শেখ (৪৫)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালাপাড়া পৌরসভার মেয়র ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় পর্যায়ে আলাপ- আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি।