আর্জেন্টিনার খেলা শুরুর পরই ফাঁকা ক্যাম্প
তারকা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসির আর্জেন্টিনা দল মাঠে নামতেই মুহূর্তেই ফাঁকা হয়ে গেছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী ক্যাম্প। আর্জেন্টিনার খেলা দেখতে দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচার ফেলে ছোটেন টেলিভিশনের সামনে।গতকাল রাত আটটায় নগরের নন্দনকাননে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচনী ক্যাম্পে গিয়ে দেখা যায়, কর্মী-সমর্থকেরা ক্যাম্প থেকে নেতাদের অগোচরে বেরিয়ে যাচ্ছেন। ক্যাম্পের এদিক-সেদিক খালি পড়ে আছে চেয়ার। অথচ এক দিন আগেও এ সময় ভেতরে বসার জায়গা না পেয়ে বাইরে জটলা বেঁধে দাঁড়িয়ে থাকতেন কর্মী-সমর্থকেরা। গতকাল সকাল থেকে দিনভর গণসংযোগে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী। কিন্তু খেলা শুরুর আগেই দলের স্থানীয় এক নেতার বাসায় টেলিভিশনের সামনে ঠিকই বসে যান তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘মেসির খেলা আছে তো।’মহিউদ্দিনের ক্যাম্পের মতো ফাঁকা হয়ে গেছে মোহাম্মদ মন্জুর আলমের দেওয়ানহাটের প্রধান নির্বাচনী ক্যাম্প। গতকাল রাত আটটায় সেখানেও ভিড় ছিল না নেতা-কর্মীদের। সেখানে ছিলেন কেবল ক্যাম্পের দায়িত্বশীল কর্মীরা। তাঁদের মধ্যেও চলছিল মেসির খেলা নিয়ে আলোচনা। নেতা-কর্মীদের মতো প্রার্থীরাও গুটিয়ে এনেছেন গণসংযোগ। দুই প্রার্থীর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা অবশ্য বলেন, বৃষ্টির কারণে দুই প্রার্থী গতকাল গণসংযোগ গুটিয়ে নেন। তাঁরা এটিও স্বীকার করেন, মেসির আর্জেন্টিনার খেলার সময় ভোটারদের কাছে পাওয়াও কঠিন। নির্বাচনী আচরণবিধির কারণে নির্বাচনী ক্যাম্পে টেলিভিশন রাখার নিয়ম নেই। তাই খেলার সময় ক্যাম্পে কর্মী-সমর্থকদের ধরে রাখার উপায় খুঁজে পাচ্ছেন না প্রার্থীরা। আর্জেন্টিনার খেলার কারণে নির্বাচনী প্রচারে যে ভাটা পড়বে, তার আঁচ আগেই পাওয়া গেছে। বিকেল থেকে নগরজুড়ে আর্জেন্টিনার বিশাল পতাকা, ঢোল-বাদ্য নিয়ে উত্সবে মেতেছিলেন সমর্থকেরা। সন্ধ্যায় নগরের জামালখানে এমনই একটি মিছিল নজর কাড়ে পথচারীদের। বিধিনিষেধ থাকায় প্রার্থীরা মিছিল বের করতে না পারলেও বিশ্বকাপের মিছিলে বাধা দেওয়ার সাধ্য কার। দুই মেয়র প্রার্থী ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর পদের অনেক প্রার্থীই গণসংযোগ ফেলে ছুটছিলেন টেলিভিশনের সামনে। ১৯৯২ সালে মহানগর পাইওনিয়র ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মীর মোহাম্মদ মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘বাসায় যাচ্ছি, মেসির গোল দেখতেই হবে।’