আর্জেন্টিনার পতাকায় আগুন ধরানোর সময় কিশোর নিজেই দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার পরাজয়ে খুদে সমর্থক রনি (১১) ক্ষুব্ধ হয়ে আর্জেন্টিনার পতাকায় আগুন ধরিয়ে দিলে ওই আগুন তার শরীরে ধরে যায়। মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজধানীর হাজারীবাগের গণকটুলি সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।রনিকে বার্ন ইউনিটে আনা তার সঙ্গী সাংবাদিকদের জানায়, জার্মানির সঙ্গে আর্জেন্টিনার পরাজয়ের পর গতকাল রাত সাড়ে ১০টার দিকে গণকটুলির সুইপার কলোনির আর্জেন্টিনা-সমর্থক কয়েক কিশোর ওই দেশের কয়েকটি পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে আগুন রনির পরনের কাপড়চোপড়ে ধরে যায়। তার সঙ্গীরা আগুন নেভালেও তাঁর পা থেকে কোমর পর্যন্ত মারাত্মক দগ্ধ হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলেছেন, রনির অবস্থা সংকটাপন্ন।রনি তার মা-বাবার সঙ্গে গণকটুলির সুইপার কলোনিতে থাকে। তার বাবার নাম বাবু মিয়া।