প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার রাজধানীতে আর্টি-কুলেটেড বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।এই বাস সার্ভিস চালুর ফলে রাজধানীর যোগাযোগ -ব্যবস্থার নতুন যুগের সূচনা হলো। খবর বাসসের।নতুন বাস সার্ভিস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নতুন আর্টিকুলেটেড বাস নগরবাসীকে স্বস্তিদায়ক ও দ্রুত সেবা দিতে সক্ষম হবে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জাতির সার্বিক কল্যাণের পাশাপাশি নগরবাসীর জন্য সহজ ও নিরাপদ যোগাযোগব্যবস্থা প্রবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ভারতীয় ডলার ক্রেডিট লাইনের আওতায় কেনা এ সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। এ বাসগুলো জয়দেবপুর থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত চলাচল করবে।১০টি বাস নিয়ে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। শিগগিরই আরও ৪০টি বাস এ বহরে যুক্ত হবে। এর প্রস্তুতকারক ভারতের অশোক লেল্যান্ড কোম্পানি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক ও বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তৃতা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, দুই দেশের হাইকমিশনার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহজ শর্তে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান।শেখহাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য ভারতের প্রতিশ্রুত ২০ কোটি মার্কিন ডলার থেকে গতকাল পাঁচ কোটি ডলারের চেক হস্তান্তর করা হয়েছে।সালমান খুরশিদ বলেন, রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হতে পেরে ভারত সরকার আনন্দিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর সরকার আশা করে, দুই দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর আমলে এ সম্পর্ক আরও বিকশিত হবে।পরে প্রধানমন্ত্রী বিআরটিসির চেয়ারম্যানের কাছে বাসের চাবি হস্তান্তর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন।