আর্টিকেল নাইনটিনের সনদ প্রকাশ
চার মাস পেরিয়ে গেলেও ছেলের খুনিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায়।
অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার ওপর ১২টি ধারাসংবলিত একটি সনদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অজয় রায়। বিশ্বব্যাপী মুক্ত মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আর্টিকেল নাইনটিন এই সনদ প্রকাশ করেছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘স্পন্দমান ও শঙ্কামুক্ত অনলাইন ক্ষেত্র চাই’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অজয় রায় বলেন, ‘অভিজিতের মৃত্যুর পর আমাদের পুরো পরিবারটা তছনছ হয়ে গেছে।’
ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখার প্রধান আদ্রিয়ান জোনস ব্লগার হত্যার নিন্দা জানিয়ে বলেন, ‘সামাজিক গণমাধ্যমগুলো এখন মুক্ত মতপ্রকাশের স্থান হয়ে উঠছে। তবে মুক্ত মতপ্রকাশের নামে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো উচিত নয়। আর্টিকেল নাইনটিন-এর বাংলাদেশের পরিচালক তাহমিনা রহমান বলেন, ১২ দফার এই সনদে প্রচলিত হয়রানিমূলক আইনের অপপ্রয়োগ বন্ধ, আন্তর্জাতিক আইন নিশ্চিত করাসহ নানা বিষয় উঠে এসেছে।