আর্টিজানের সবুজ লন আকৃষ্ট করত বিদেশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ। ছবি: সংগৃহীত

হলি আর্টিজান বেকারি নামের রাজধানীর গুলশানের এই রেস্তোরাঁটি বিদেশিদের কাছে জনপ্রিয়। কূটনৈতিক এলাকায় অবস্থান বলে বিদেশিরা ওই রেস্তোরাঁয় নিরাপদ বোধ করতেন। এ ছাড়া খোলামেলা সবুজ লন বিদেশিদের আকৃষ্ট করত।
বেসরকারি সংস্থায় কর্মরত নাম প্রকাশের অনিচ্ছুক একজন বিদেশি নাগরিক প্রথম আলোকে এসব কথা জানান। ওই রেস্তোরাঁয় গতকাল শুক্রবার রাতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। জিম্মি করে রাখা হয়েছে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ আরও কিছু বাংলাদেশিকে।
জানা গেছে, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁর মালিক বাংলাদেশি। রেস্তোরাঁটি স্প্যানিশ হলেও ইতালীয় পিৎজার জন্য বিদেশিদের কাছে এটি জনপ্রিয়। রেস্তোরাঁর লনটি বিদেশিদের জন্য পছন্দের হওয়ায় তাঁরা প্রায় সেখানে খেতে যান। স্প্যানিশ ওই রেস্তোরাঁ আশপাশে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দূতাবাস এবং নরডিক ক্লাব অবস্থিত।
হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংঘটন আইএস।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ওই রেস্তোরাঁর ফুড অ্যান্ড বেভারেজ শাখার কর্মকর্তা সুমন রেজা হামলার সময় রেস্তোরাঁর দোতলায় ছিলেন। তিনি বলেন, নিচতলা দিয়ে গুলি করতে করতে দুজন রেস্তোরাঁয় ঢোকে। তখন তারা ‘আল্লাহু আকবর’ বলতে থাকে। এরপর আরও সাত–আটজন অতর্কিত রেস্তোরাঁয় ঢোকে। তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।