আর্থ আওয়ার উপলক্ষে মানববন্ধন
‘আর্থ আওয়ার’ উপলক্ষে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো গতকাল শনিবার পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে।
এই পৃথিবীকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলার দায়িত্ব স্কাউটদের। এই ধরিত্রীকে রক্ষায় বৈশ্বিক উঞ্চতা রোধে ও জ্বালানি সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিশ্বব্যাপী আর্থ আওয়ার পালিত হয়েছে।
এ উপলক্ষে স্কাউটরা জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা গড়ে তুলতে পঞ্চগড়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার ফুটকিবাড়ী স্কুল অ্যান্ড কলেজের স্কাউট, রোভার সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা সকালে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন।
কলেজের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার এমদাদুল হক বলেন, আর্থ আওয়ার কর্মসূচি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা গড়ে তুলতে এবং একই সঙ্গে বন্ধু, সহপাঠী, সহকর্মী ও প্রতিবেশীদের উদ্বুদ্ধ করবে।