দিনাজপুর ডায়াবেটিক সমিতির স্বাস্থ্যসেবা প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের খবর পাওয়া গেছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ‘দিনাজপুর ডায়াবেটিস হাসপাতাল ও স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প’র হিসাব বিভাগের পরিচালক মো. রওনক আলী খান আত্মগোপন করেছেন বলে সমিতির কর্মকর্তারা জানিয়েছেন।
প্রকল্পের কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের মাসিক গড় আয় ৩৩ লাখ টাকা। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় হয় ২১ লাখ টাকা।
জেলা ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল হক জানান, লাভজনক হওয়া সত্ত্বেও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের চার থেকে পাঁচ মাস পর্যন্ত বেতন বকেয়া পড়ে। এরপর গত মে মাসে হিসাব বিভাগের পরিচালককে তিনি তলব করেন এবং আয়-ব্যয়ের বিল-ভাউচার নিজেই যাচাই করে ব্যাপক আর্থিক অনিয়ম খুঁজে পান। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ছফর আলী বলেন, এই অনিয়ম তদন্ত করতে গত ১৮ মে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও হিসাব বিভাগের অসহযোগিতার কারণে কমিটি প্রতিবেদন দিতে পারেনি।
সমিতির সদস্যরা জানান, হিসাব বিভাগ সর্বশেষ ২৬ অক্টোবর পর্যন্ত সময় নেয়। কিন্তু এর আগেই ২২ অক্টোবর থেকে রওনক আলী গা ঢাকা দেন। ২৬ অক্টোবর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাকরি থেকে অব্যাহতি চেয়ে তিনি একটি আবেদন সমিতির কাছে পাঠান। রওনক আলীর মুঠোফোনের সংযোগ বন্ধ এবং শহরের মুন্সিপাড়া এলাকার তাঁর বাসায় তালা ঝুলতে দেখা গেছে।
এ অবস্থায় ২৬ অক্টোবর সমিতির নির্বাহী কমিটির সভায় আর্থিক অনিয়ম সুষ্ঠু তদন্ত করার স্বার্থে সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমকে দায়িত্ব থেকে এক মাসের ছুটি দেওয়া হয়।
এ ব্যাপারে দিনাজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি সরদার মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পের আর্থিক খাতে অনিয়ম পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু অভ্যন্তরীণ এবং বহিরাগত হিসাব নিরীক্ষণ কমিটির কোনো প্রতিবেদনে সেটি ধরা না পড়ায় এ ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়নি। অনিয়ম তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।