আর্থিক অনুদান নিতে সংঘর্ষের গল্প!
২০০৯ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেনি। পুলিশের রেকর্ডেও এ রকম কোনো ঘটনার উল্লেখ নেই। অথচ ওই দিন বিশ্ববিদ্যালয়ে এক সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন! চিকিৎসা বাবদ তিনি কর্তৃপক্ষের কাছে ৪৮ হাজার ৬৭০ টাকা আর্থিক সহায়তাও চেয়েছেন। তুলে নিয়েছেন ৩০ হাজার টাকা।জানা গেছে, ওই দিনের কথিত সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় চলতি বছরের ১৮ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আবেদন করেন এরশাদ হোসেন। উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের অনুমোদনক্রমে গত ১৮ জানুয়ারি এরশাদকে চিকিৎসা ব্যয় বাবদ ছাত্র সহায়ক তহবিল থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।এরশাদ প্রথম আলোকে বলেন, ‘শিবির-ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার টাকা নিয়ে গেছে। সেগুলো নিয়ে তো কোনো সাংবাদিক কিছু লেখে না। আসলে বিশ্ববিদ্যালয়ের সব সাংবাদিক শিবির।’প্রশাসন সূত্র জানায়, আবেদনপত্রে এরশাদ নিজেকে স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র দাবি করেন (রোল-৮৪৫২)। কিন্তু গত বছরের এপ্রিলে এরশাদের ছাত্রত্ব নেই উল্লেখ করে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এরশাদ চিকিৎসার কাগজপত্র দেখিয়েছেন। তাই অর্থ দেওয়া হয়েছে।’ যাচাই-বাছাই করে এ অর্থ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এরশাদ আবেদনপত্রে উল্লেখ করেন, ‘২০০৯ সালের ১২ জানুয়ারি রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তিনি হামলার শিকার হন। পরে বাসায় যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। হামলায় শরীরের বিভিন্ন অংশে জখম হয়। গুরুতর আহতাবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন। এতে তাঁর পরিবারের ৪৮ হাজার ৬৭০ টাকা ব্যয় হয়।’বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ২০০৯ সালের ১২ জানুয়ারি রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ওই সময়ের বিভিন্ন দৈনিক পত্রিকা ঘেঁটে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, মারামারি কিংবা এ ধরনের কোনো ঘটনা ঘটলে গুরুত্ব অনুযায়ী তা সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা হিসেবে রেকর্ড থাকবে। ২০০৯ সালের ১২ জানুয়ারি এ ধরনের কোনো ঘটনার জিডি কিংবা মামলা নেই। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমানও একই কথা বলেন।তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন কর্মী দাবি করেন, ঠিক সংঘর্ষ নয়, ওই দিন রাত দুইটার দিকে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়নি।